নির্বাচনের আগে চমক, বিনামূল্যে ওষুধ দেবে ত্রিপুরা সরকার - Barak Bangla News

Breaking

Nov 22, 2017

নির্বাচনের আগে চমক, বিনামূল্যে ওষুধ দেবে ত্রিপুরা সরকার

আগরতলা: নির্বাচনের আগে চমক দেওয়ার চেষ্টা করল রাজ্য সরকার। যদিও কেন্দ্রীয় প্রকল্প অনুযায়ীই রাজ্যের সর্বত্র হাসপাতালে ভর্তি রোগীদের সমস্ত ওষুধ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা সরকার। ত্রিপুরা সরকারের সিদ্ধান্তের কথা জানিয়েছেন, স্বাস্থ্য দফতরের সচিব সমরজীত ভৌমিক। মহাকরণে সাংবাদিকদের তিনি বলেন, “রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে মিলবে বিনা পয়সায় ওষুধ। মূলত যে সমস্ত রোগী হাসপাতালে ভর্তি থাকবেন তাদের জন্য সমস্ত ওষুধই বিনে মূল্যে সরবরাহ করবেন হাসপাতাল কর্তৃপক্ষ”।
তিনি বলেন, “গত ২৫ অক্টোবর স্বাস্থ্য দফতরের একটি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। হাসপাতালে ৩৩৩টি ওষুধ বিনামূল্যে সরবরাহ করা হবে। বহির্বিভাগের রোগীরা এই ওষুধ পেতে পারেন যদি হাসপাতালে এই ওষুধ মজুত থাকে৷ তবে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র হোক কিংবা আগরতলা জিবি হাসপাতাল, যেখানেই রোগী হাসপাতালে ভর্তি হবেন সেখানে বিনামূল্যে ওষুধ সরবরাহ করবে হাসপাতাল কর্তৃপক্ষ৷ ৩৩৩টি আইটেম এর বাইরে যদি অন্য কোনও জীবনদায়ী ওষুধের প্রয়োজন হয় তবে হাসপাতাল কর্তৃপক্ষ তার ব্যবস্থাও করবে”৷
সচিব সমরজীত ভৌমিক বলেন, “এই কাজে প্রত্যেক জেলার সিএমওদের প্রতি মাসে দুই লক্ষ টাকা করে দেওয়া হবে এই ওষুধ ক্রয় করার জন্য। আর আগামী ডিসেম্বর মাস থেকে পুরোদমে এই সুবিধা পাওয়া যাবে”৷ সচিব আরও জানিয়েছেন, স্বাস্থ্য পরিষেবার হাল ফেরাতে সমস্ত মেডিক্যাল অফিসারদের নিয়মিত হাসপাতাল ভিজিট করতে বলা হয়েছে৷ রাজ্য স্তরের আধিকারিকদেরও বলা হয়েছে নির্দিষ্ট সময়ে হাসপাতাল ভিজিট করতে৷
তিনি আশা প্রকাশ করেন, এতে রাজ্যের হাসপাতাল গুলোতে পরিষেবার মান অনেকটাই উন্নত হবে। রাজ্যের গ্রামীণ এলাকার জনগণের জন্য আর্থিক অবস্থা কোন ভাবেই চিকিৎসা পরিষেবা নেবার ক্ষেত্রে বাঁধা হবেনা।

No comments: