এসআইও’ কে মুর্শিদাবাদে বিশ্ববিদ্যালয়ের আশ্বাস শিক্ষামন্ত্রীর - Barak Bangla News

Breaking

Nov 22, 2017

এসআইও’ কে মুর্শিদাবাদে বিশ্ববিদ্যালয়ের আশ্বাস শিক্ষামন্ত্রীর

এসআইও’র মুর্শিদাবাদে বিশ্ববিদ্যালয়ের দাবিকে সমর্থন করে জেলায় বিশ্ববিদ্যালয় গড়ার আশ্বাস দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ‘বঞ্চনা নয়, মুর্শিদাবাদে বিশ্ববিদ্যালয় চাই’ শিরোনামে টানা দশদিন ব্যাপী ক্যাম্পেনের শেষে ২১ শে নভেম্বর কলকাতার বিধানসভা অভিযানে সংগঠনের একটি প্রতিনিধি দল শিক্ষামন্ত্রীকে  স্মারকলিপি প্রদান করতে গেলে তিনি এই আশ্বাস দেন বলে জানিয়েছেন এস.আই.ও’র পশ্চিমবঙ্গ শাখার সভাপতি ওসমান গণী। আগামী ২৫ তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর শেষে ফিরেই তিনি এবিষয়ে তার সাথে কথা বলবেন বলেও জানিয়েছেন তিনি। অবশ্য শুধুমাত্র আশ্বাসেই খুশি নয় সংগঠনের নেতারা। অবিলম্বে বিশ্ববিদ্যালয় স্থাপন না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুশিয়ারী দেন তারা।
দশদিনের প্রচারাভিযান শেষে মঙ্গলবার কলকাতার বিধানসভা অভিযানে মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ছাত্র জনতা ট্রেন, বাসে করে সকাল থেকেই ভিড় জমান। বেলা ২ টা বাজতেই সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু হয় সংগঠনটির বিধানসভা অভিযান। ধর্মতলা পার হয়ে বিধানসভা যাওয়ার আগেই রানি রাসমণী রোডে মিছিল ব্যারিকেড দিয়ে আটকিয়ে দেয় পুলিশ। এসময় পুলিশের সাথে ধস্তাধস্তিও হয়। বিক্ষুব্ধ ছাত্রজনতা রোডের উপর বসে পড়েন। সেখান থেকেই সংগঠনের নেতারা একে একে মুর্শিদাবাদে বিশ্ববিদ্যালয়ের দাবি নিয়ে ক্ষোভ উগড়িয়ে দেন।
শুরুতেই এস.আই.ও’র মুর্শিদাবাদ জেলা সভাপতি সাদিকুর রহমান রাজ্য সরকারের প্রতি ক্ষোভ উগড়ে বলেন, ‘আজ আমরা সুদুর মুর্শিদাবাদ থেকে কলকাতায় বিশ্ববিদ্যালয়ের জন্য ছুটে এসেছি। আমাদের মিছিল আটকে পুলিশ এখান থেকে সরিয়ে দিতে পারবে না। আমাদের দাবি পুরন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।’ প্রাক্তন রাজ্য সম্পাদক আব্দুল্লাহিল কাফি শিক্ষামন্ত্রী কে ব্যর্থ বাবু বলে কটাক্ষ করে বলেন, ‘জেলায় বিশ্ববিদ্যালয় না দিয়ে সরকার জেলাবাসীর সাথে প্রতারণা করে শিক্ষার অধিকার কে কেড়ে নিচ্ছে।’  রাজ্য সম্পাদক ইমাম হোসেন জেলায় বিশ্ববিদ্যালয় না থাকায় রাজ্য সরকারের প্রতি তীব্র ক্ষোভ উগড়ে দিয়ে বলেন। জেলাবাসী কলকাতার বুকে ভিক্ষা চাইতে আসেনি, এসেছে তাদের অধিকার কে আদায় করতে। অবিলম্বে যদি জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপন না করা হয় তাহলে আগামী তে আন্দোলনে গোটা রাজ্যকে তোলপাড় করে দিবে। রাজ্য সভাপতি ওসমান গনী মুর্শিদাবাদে অবিলম্বে বিশ্ববিদ্যালয় স্থাপন না করলে আগামী দিনে জেলাবাসীকে ভোট বয়কটের আহবান জানান। এদিনের অভিযানে প্রাক্তন রাজ্য সভাপতি মশিউর রহমান, মীযান পত্রিকার সম্পাদক ডা.মশিহুর রহমান, জামাতে ইসলামির রাজ্য সভাপতি মো. নুরুদ্দিন, সম্পাদক মাওলানা আব্দুর রফিক প্রমুখ বিশিষ্টরা বক্তব্য পেশ করেন।

No comments: